দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করেন তসলিমউদ্দিন চৌধুরী। সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল থেকে শিক্ষার প্রাথমিক পর্ব শেষ করে তিনি। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বুয়েটে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০০৭ সালের এপ্রিলে পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান মনোনীত হন।
জীবদ্দশায় তসলিমউদ্দিন চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সাবেক সহ সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।