আসামি ধরার অভিযানে গিয়ে হামলায় আহত ছয় পুলিশ

নোয়াখালীনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একাধিক মামলার পলাতক আসামিকে ধরার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামির লোকজনের হামলায় ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আসামিকে আটক করা হলেও হামলার সময় সাঙ্গপাঙ্গরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
































আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) নিজাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাভেল বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাতিয়া উপজেলা সদরের ওছখালী বাজারের তালুক সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। আসামি রাকিব উদ্দিনের বিরুদ্ধে (৩০) আগেও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী রাকিব ৮-১০ সহযোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা আওয়ামী লীগ কর্মী আশরাফ উদ্দিনের ওপর হামলা চালায় এবং তার কিছু মালামাল লুট করে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি হাতিয়া থানাকে জানালে পুলিশ সন্ত্রাসী রাকিবকে ধরার জন্য উপজেলা সদরে ওছখালী বাজারে তালুক সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে তাক আটক করা হয়। এ সময় রাকিবের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং রাকিবকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলার সময় সন্ত্রাসীরা পুলিশের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে। ছয় পুলিশ কর্মকর্তা আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আরও জানান, বিষয়টি জেলা পুলিশ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।