১কাঠের চেয়ারে বক্স তৈরি করে কৌশলে ইয়াবা পাচারের সময় ২৫ হাজার পিস ইয়াবসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি ২৫ লাখ টাকা বলে তিনি জানান।
আটক দুই জন হলেন ময়না বিবি (৩৫) ও মো. বুলবুল আহম্মদ (২০)। ময়না বিবি রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি গ্রামে মো. সেলিম রেজার স্ত্রী এবং অন্যজন রাজশাহীর পবা থানাধীন কাজির পাড়া এলাকার বাসিন্দা।
২মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে মইজ্জারটেক এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী দেশ ট্রাভেলস’র একটি বাসে তল্লাশির সময় দু’জনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা এবং তাদের কাছে থাকা নতুন একটি কাঠের চেয়ারের সিটের নিচে বক্সের ভেতর কৌশলে লুকানো অবস্থায় আরও ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, তাদের নামে মামলা করে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।