সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল চলছে

হরতালবিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার পূর্ব ঘোষিত দেশব্যাপী হরতাল চলছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল শুরু হয়েছে।

সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়, জেলরোড, কোট রোডসহ বিভিন্ন পয়েন্টে সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় পিকেটাররা লাল পতাকা হাতে নিয়ে বিভিন্ন যানবাহন আটকে দেয়। পরে সকাল ৮টার দিকে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলামের নেতৃত্বে হরতালের সমর্থনে শহরের টিএরোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে জেলা সিপিবি, বাসদ ঐক্যন্যাপসহ বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। হরতালকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের কারণে রেলপথ ও মহাসড়কে কোনও প্রভাব পড়েনি। রেলপথ এবং মহাসড়কে সব ধরনের যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।