চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে হামলার শিকার পিডিবি’র কর্মচারীরা

chadpurচাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা শহরের পুরানবাজারে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে গ্রাহকদের হামলার শিকার হয়েছেন পিডিবি’র ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ম্যানাজারসহ অন্যান্য কমচারীরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরানবাজার কলেজের মোড়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুরানবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।

চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিষ্ঠান হেক্সোসিন গ্রুপের প্রজেক্ট ম্যানাজার কাজল খন্দকার জানান, সকালে তারা ওই এলাকার বাংলালিংক টাওয়ারের একটি মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার লাগাতে যায়। এসময় গ্রাহকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত গ্রাহকরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ পিডিবি’র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও কয়েকজন শ্রমিক আহত হয়। পরে তারা প্রশাসনের সহযোগিতা চাইলে পুরানবাজার ফাঁড়ি পুলিশের উপস্থিত হয়ে ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে তাদের সহযোগিতায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।

পিডিবির এক কর্মকর্তা জানায়, তারা সরকারি নিয়ম ও নির্দেশনা পালন করে প্রি-পেইড মিটার স্থাপন করছে। গ্রাহকরা তাদের সঙ্গে বাজে আচরণ করেছে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে তারা বিভিন্ন মিল ইন্ডাষ্ট্রির সব থ্রি-পেইজেই মিটারগুলো পরিবর্তন করে সেখানে প্রি-পেইড মিটার স্থাপন করবেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে সাধারণ গ্রাহকদের মিটারও পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, শুরু থেকেই চাঁদপুরের সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা প্রি-পেইড মিটার স্থাপনে অনিহা প্রকাশ করে আসছে। ইতোমধ্যে জোর করে প্রি-পেইড মিটার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শহরবাসী মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদানসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করেছে।