উদ্ধার ইয়াবাসহ আটক দুই জনচট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।
এ সময় ঘটনায় জড়িত থাকার দায়ে ওই বাসের চালকসহ দুজনকে আটক করেছে র্যাব। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন বাসচালক মো. আলমগীর হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. আমির হোসেন (৩৩)। আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর গ্রামে এবং আমির কিশোরগঞ্জ জেলার মিঠাবন থানাধীন তাকুয়া গ্রামের বাসিন্দা।
গ্রিন লাইনের বাসমিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ঢাকায় পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ঢাকাগামী গ্রিনলাইন পরিবহন ‘ঢাকা মেট্রো-ব-১১-২৬২৩’ সিরিয়ালের বাসটিতে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির একপর্যায়ে বাসের চালক ও তার সহযোগীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা বাসে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসটির লাইট প্যানেল থেকে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।