কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে।
ওসি জানান, সচিব নজরুল ইসলাম দেড় বছর পূর্বে এ ইউনিয়ন পরিষদে সচিব পদে যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটারের মাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দিয়ে আসছিলেন। বিষয়টি চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সফি উল্যার নজরে এলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে তার ফেসবুক যাচাই করে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। তখন তাকে আটক করা হয়।
ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সফি উল্যাহ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।’