বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২০ বছর পালিত

পার্বত্য শান্তি চুক্তির ২০ পূর্তিতে র‍্যালিবর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পালিত হলো ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি। এ উপলক্ষে শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে। যা শহর প্রদক্ষিণ করে। পরে টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে কেক কেটে র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

র‌্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালির নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। র‌্যালিটিতে আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালিতে যোগ দেন।

এদিকে, বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে কনসার্ট হওয়ার কথা রয়েছে।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, সদর জোন কমান্ডার লে. কর্নেল জি এম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান প্রমুখ।

পাহাড়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই হয়। এবার ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হওয়ায় আগের বর্ষপূর্তির আয়োজন করা হচ্ছে।