সিন্ডিকেট নির্বাচনের হলুদ দলের ভরাডুবির জন্য আওয়ামীপন্থী শিক্ষকদের কোন্দলকে দায়ী করছেন ওই পক্ষের শিক্ষকরা।
এদিকে সিন্ডিকেট নির্বাচনে ভরাডুবি হলেও অ্যাকাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সাতটি পদের সবকটিতে হলুদ দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে রবিবার (৩ ডিসেম্বর) বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক কামরুল হুদা। নির্বাচনী ফলাফলে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ১১টি পদের মধ্যে আওয়ামীপন্থী হলুদ দলের প্রার্থীরা ৮টি পদে, বিএনপিপন্থী সাদা দলের প্রার্থীরা ২টি পদে ও ১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পরিষদটির চারটি পদের মাত্র একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী প্রভাষক সেতু রঞ্জন বিশ্বাস। অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরিতে বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধূরী ১১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ দলের অধ্যাপক মো. এমদাদুল হক ৯১ ভোট পেয়েছেন। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মুহাম্মাদ শাখাওয়াত হোসাইন ৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি বিভাগের সুকান্ত ভট্টাচার্য ৫১ ভোট পেয়েছেন।
এছাড়া সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে স্বতন্ত্র নির্বাচন করে ১০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী এস এম সাদাত আল সাজিব। তার নিকটতম হলুদ দলের মো. রিদোয়ান মুস্তফা ৯২ ভোট পেয়েছেন।
অন্যদিকে একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরির দুটি পদে হলুদ দলের নির্মল কুমার সাহা ২৯৫ ভোটে ও ড. মুহাম্মাদ সাইদুল ইসলাম ৩৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী ড. হোসেন শহীদ সরওয়ার্দী ১৮৫ ভোট ও মোহাম্মদ নূর নবী ২০১ ভোট পেয়েছেন। সহকারী অধ্যাপক ক্যাটাগরির দুটি পদে হলুদ দলের প্রার্থী মোহাম্মদ শাহ আলমগীর ৩৪০ ভোট ও সুলতানা সুকন্যা বাশার ৩৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী জাকিয়া রেহানা ২২৫ ভোট পেয়েছেন। প্রভাষক ক্যাটাগরির দুটি পদে হলুদ দলের মরিয়ম ইসলাম ও মো. মাহবুব হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ফাইন্যান্স কমিটির একটি পদে হলুদ দলের অধ্যাপক আবু মুহাম্মাদ আতিকুর রহমান ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ২১০ ভোট পেয়েছেন।
হলুদ দলের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলুদ দলের শিক্ষকদের মধ্যে বিরাজমান অন্তকোন্দলের কারণেই এবার সিন্ডিকেট নির্বাচনে ভরাডুবি হয়েছে। দলীয় স্বার্থের বাইরে গিয়ে হলুদ দলের শিক্ষকরা এখন নিজেদের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত। ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে তারা দলকে ডুবিয়েছেন।’