ছাত্রলীগ নেতাকে গুলি: চার জনের নামে মামলা

গুলিবিদ্ধ এনামুল হক মানিকছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে গুলি করে আহত করার ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে আহত ছাত্রলীগ নেতার ছোট ভাই জাহেদুল হক আরজু বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্ত রমজানসহ চারজনকে আসামি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মো. রমজান, তাজুল ইসলাম. ঈছা খান ও মো. সোলায়মান। এদের মধ্যে রমজান তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে নগর ছাত্রলীগ। ঘটনার দিন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানিয়েছিলেন,মানিককে ডেকে এনে তার বুকে গুলি করে রমজান।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাচেষ্টার অভিযোগ এনে আহত ছাত্রলীগ নেতার ভাই মামলাটি করেছেন। এজাহারে তিনি দাবি করেছেন- পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা হত্যার উদ্দেশ্যেই মানিককে গুলি করে।’

আহত ছাত্রলীগ নেতা মানিক চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার (৬ ডিসেম্বর) ভোরে বাসার কাছেই তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।