পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা





ব্রাহ্মণবাড়িয়াপুলিশের ওপর হামলা করে আল আমীন নামে মাদক মামলার এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। আল আমীন উপজেলার নূরপূর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান,শনিবার বিকালে এএসআই কামরুলের নেতৃত্বে নূরপুর গ্রাম থেকে মাদক মামলার পলাতক আসামি আল আমীনকে গ্রেফতার করা হয়। এসময় আল আমীনের স্বজনসহ একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি আল আমীনকে ছিনিয়ে নেয়।
ওসি জানান, ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারের চেষ্টাসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি মোশারফ হোসেন তরফদার জানান,ছিনিয়ে নেওয়া আসামি আল আমীনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আজ পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।