বহু দেশ বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক: রেলপথমন্ত্রী

কুমিল্লায় রেলপথমন্ত্রীরেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দেশে সন্ত্রাস, নাশকতা হয় এবং জঙ্গিবাদের সৃষ্টি হয়। সব সূচকে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। বিশ্বের বহু দেশ আজ বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক। দেশকে বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শনিবার মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার।

রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলা লীগের নেত্রী ও সাবেক এমপি আমেনা বেগম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, শাহজালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহমেদ খোকন ও মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।

পরে আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন। এতে জুলেখা আক্তারকে সভাপতি ও তফুরা বেগমকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় মন্ত্রী উপজেলার কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন।