বান্দরবানে সব নির্মাণকাজ স্থগিত রাখার ঘোষণা ঠিকাদারদের

বান্দরবানে সব নির্মাণকাজ স্থগিত রাখার ঘোষণা ঠিকাদারদেরবান্দরবানে এক ঠিকাদারকে লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা ঠিকাদার কল্যাণ সমিতি। মারধারের ঘটনায় অভিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার বিচার না হওয়া পর্যন্ত জেলার সব উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ বন্ধের ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন করেছেন তারা।

দুপুর ১২টার দিকে শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাবিকুর রহমান জুয়েলসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সব ঠিকাদাররা।

এসময় তারা বলেন, গত ১২ ডিসেম্বর দুপুরে  এলজিইডি’র তালিকাভুক্ত ঠিকাদার রফিক আহম্মদ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে লাইসেন্স বইয়ের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা এসেই কোনও কিছু না বলে ঠিকাদার রফিককে এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে হত্যার হুমকি দিয়ে বের করে দেন ওই ঠিকাদারকে।

ঠিকাদার নেতারা আরও অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা এর আগেও তার পদ পদবীর অপব্যবহার করেছেন। তাই তার অসদাচরণের বিচার না হওয়া পর্যন্ত বান্দরবান জেলা ঠিকাদার কল্যাণ সমিতির ঠিকাদাররা সব উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত রাখার ঘোষণা দেন।

এর আগে বান্দরবান জেলা প্রশাসক ও পরে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন ঠিকাদাররা।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা বলেন, 'আমি কেন ঠিকাদারকে মারধর করবো। আমি তো রফিক নামের কাউকে চিনিই না। এসব আজগুবি সব খবর আমার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।'