বাংলা ট্রিবিউনে প্রতিবেদনের পর কুমিল্লা নগরীতে বন্ধ হলো অটোরিকশা





অটোরিকশামুক্ত কুমিল্লা নগরীর একটি রাস্তাযানজটের মূল কারণ অটোরিকশা’ শিরোনামে বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত আজ নগরীতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নগরীর পুলিশ লাইন থেকে কান্দিরপাড় সড়ক, পুলিশ লাইন থেকে আদালত, আদালত থেকে কান্দিরপাড়, সালাউদ্দিন থেকে কান্দিরপাড়, রাণীর বাজার থেকে কান্দিরপাড়, রাজগঞ্জ থেকে কান্দিরপাড় এসব এলাকাগুলোতে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোবাইক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মাইকিং করে জানিয়ে দেওয়ার পরও যদি বন্ধ না হয়, পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার অভাব পূরণে বিআরটিএ ও সিটি করপোরেশন নগরবাসীর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি।

অটোরিকশামুক্ত কুমিল্লা নগরীর একটি রাস্তাকুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ বড়ুয়া বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের কারণে সাময়িকভাবে নগরবাসী একটু সমস্যার সম্মখিন হবেন। তবে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য পরিবহন যদি বাড়তি ভাড়া নেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

নগরীতে সিটি সার্ভিস চালুর ব্যাপারে সিটি করপোরেশনের একটি চিন্তা রয়েছে বলে তিনি জানান।