বনভোজনের বাস উল্টে আহত ৫

উল্টে যাওয়া বাসবান্দরবানে গার্মেন্ট শ্রমিকদের বনভোজনের বাস উল্টে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কসাই পাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস বাহিনী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চিং চিং গার্মেন্টসের শ্রমিকরা বাঁধন পরিবহনের একটি বাসে করে বান্দবানে বনভোজনের যাচ্ছিল। পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে দ্রুত গতিতে নামার সময় বাসটি কসাই পাড়ার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫ শ্রমিক আহত হন। তারা হলেন, সাথী (২৫), মিজানুর রহমান জাবেদ (২৫), বাদল (৩৫) ও আজাদ (২৫)। তাদের সবার বাড়ি চট্টগ্রামে। পরে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।

উল্টে যাওয়া বনভোজনের বাস

এ ব্যাপারে রাশেদ নামে এক শ্রমিক জানায়, প্রায় ৪০ জন শ্রমিক নিয়ে তারা বান্দরবানে বনভোজনে যাচ্ছিলেন। বাসটি পাহাড়ি পথে প্রবেশের পর সমস্যা দেখা দেয়। আবার চালকও ঠিকমতো চালাতে পারছিলেন না। একবার চালকও পরিবর্তন করা হয়েছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি উল্টে যায়।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। তবে ক্ষতিগ্রস্তরা কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।