পটিয়ায় চার নারী ধর্ষণের ঘটনায় দুই জন গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিচট্টগ্রামের পটিয়া এলাকায় ডাকাতদের হাতে একটি পরিবারের চার নারী ধর্ষণ হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন, মো. সুজন ওরফে আবু ও ফারুকী।
ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ ডিসেম্বর পটিয়া উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতি করে ডাকাত দল ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে। সোমবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আমরা অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে আবু এবং ফারুকী নামে দু জনকে আজ (১৯ ডিসেম্বর) বিকালে আদালতে হাজির করে টিআই প্যারেড (শনাক্তকরণ) করার আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
সৈয়দুল মোস্তফা বলেন, ‘ধর্ষণের শিকার ওই চার নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষায় বিষয়টি প্রমাণিত হয়েছে।'
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর রাত ১টার দিকে কয়েকজন যুবক জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতির পর ছুরি ও অস্ত্র মাধ্যমে জিম্মি করে চার নারীকে বিভিন্ন রুমে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই বাড়িতে কোনও পুরুষ সদস্য থাকতেন না। তিন প্রবাসী ভাইয়ের তিন স্ত্রী, দুই সন্তান ও তাদের মা থাকতেন। তাদের ননদ ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।