চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাটি কাটার কাজ করার সময় পাহাড় ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় এই ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দিদার (২৫), আমির আলী (৪০) ও আকিব (৮)। নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের মধ্যে আকিব পাহাড় কাটার সময় নিচে অবস্থান করছিল এবং অন্যরা পাহাড় কাটার কাজ করছিল বলে জানিয়েছেন উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনাস্থলে যাওয়া রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড় কাটার সময় শ্রমিকদের উপর হঠাৎ মাটি ধসে পড়ে। এসময় বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। প্রাথমিকভাবে আমরা নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করেছি। তাদের বিষয়ে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘রাজানগরের দুর্গম এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে তিন জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ‘বগুড়ায় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল জঙ্গি আবু সাঈদের’