চলন্ত বাসে ধর্ষণ, আদালতে চার্জশিট দাখিল

চট্টগ্রাম

চট্টগ্রামে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে মহানগর হাকিম শফিকুল ইসলামের আদালতে এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক।

চার্জশিটে বাসচালক রাশেদুল ইসলাম (২০) ও তার সহকারী ইমতিয়াজ উদ্দিনকে (১৮) আসামি করা হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'সোমবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট জমা দিয়েছেন। আমরা মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম শফিকুল ইসলামের আদালতে দাখিল করেছি। তিনি চার্জশিট গ্রহণ করে এটি নারী ও শিশু নির্যাতনে আদালতে পাঠিয়েছেন।'

তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, ‘চার্জশিটে দুই জনকে আসামি করার পাশাপাশি ১১ জনকে সাক্ষী করা হয়েছে। শিগগিরই এই মামলার বিচার শুরু হবে।'

তিনি আরও বলেন, ‘দুই আসামি অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে ।’

প্রসঙ্গত, গত বছরের ২৭ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে বাসে করে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে চান্দগাঁও এর দুই কিলোমিটার এলাকায় এক  তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৩ নভেম্বর চান্দগাঁও থানায় বাসচালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। পরদিন দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

 আরও পড়ুন: নওগাঁয় সওজের অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান শুরু