ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

মিঠুন চাকমাখাগড়াছড়িতে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার স্লুইসগেট এলাকায় মিঠুন চাকমাকে (৪০) গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   

প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ এর অন্যতম সংগঠক ছিলেন মিঠুন চাকমা। তাকে হত্যার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করেছেন দলীয় নেতারা।  

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক বা নব্য মুখোশ বাহিনী মিঠুন চাকমাকে অপহরণ করে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মিঠুন চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।