মহেশখালীতে কুপিয়ে তরুণকে হত্যা





কক্সবাজারকক্সবাজারের মহেশখালীতে নুরুল আবছার (৩৫) নামের এক তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (০৮ জানুয়ারি) রাত ৯টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানকের কালারগাজির পাড়ায় এ ঘটনা ঘটেছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এ খবর নিশ্চিত করেছেন।

নিহত আবছার ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত দুজন হলো একই এলাকার সিদ্দিক আহমদের ছেলে ইসমাইল (২৬) ও আবুল কালামের ছেলে আবুল কাশেম (২৫)।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালী হোয়ানক ইউনিয়নে জোনাব আলী ও জালাল বাহিনী নামের ২টি সন্ত্রাসী চক্র রয়েছে। এদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে রাতে ওই এলাকার মুনু সওদাগরের চায়ের দোকানে অবস্থানরত নুরুল আবছারের ওপর হামলা করা হয়। এসময় নুরুল আবছারকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় জোনাব আলী গ্রুপ। তখন আরও দুজন আহত হন। নিহত আবছারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।