সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।
ওসি জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পেয়ে সরাইল থানার পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তারা পাঁচ ডাকাতকে আটক করে। পরে আটককৃত ডাকাত দলের সদস্য বাশার ও এন্তেজারকে নিয়ে রবিবার রাত ৪টার দিকে শাহবাজপুর উত্তর পাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ডাকাত সদস্য বাশার ও এন্তেজার নিহত হয়।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে ঘটনাস্থলে তিনিসহ সরাইল থানা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পাইপগান, কার্তুজ, রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।