সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া এতিম শিশুদের যথাযথাভাবে রক্ষণাবেক্ষণ করা না হলে তাদের পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের উগ্রবাদে ব্যবহার করারও আশঙ্কা রয়েছে। তাই এসব ব্যাপারে নিয়ে সরকার সচেতনভাবে কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ইরানী রেডক্রিসেন্ট এর ২০ শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘এই পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩৭ হাজার এতিম শিশুকে সনাক্ত করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় সরকার এসব শিশুকে স্মাটকার্ড দিবে এবং তাদের শিশুবান্ধব কেন্দ্রে রেখে পুনর্বাসন করা হবে।’
মেনন বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে একটু দেরি হলেও, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন করবে ’
মন্ত্রী আজ সকালে কক্সবাজার পৌঁছে উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এসময় বাংলাদেশে ইসলামিক প্রজাতন্ত্রী ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইবরাহিম শাফী উপস্থিত ছিলেন।