নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী সন্দেহে ছয় ত্রিপুরা যুবক আটক

 

বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী সন্দেহে ছয় ত্রিপুরা যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতেই তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক ছয় জন হলেন জয় ত্রিপুরা (২১), মিন্টু ত্রিপুরা (৪০), আব্রাহাম ত্রিপুরা (৪২), অনা চন্দ্র ত্রিপুরা (৩৬), গুনমনি ত্রিপুরা (৩৪) ও মথিরাম ত্রিপুরা (৪০)। এদের সবার বাড়ি থানচি উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম অভিরাম ত্রিপুরা পাড়ায় শুক্রবার বিকালে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্ত্রাসী সন্দেহে  ছয় ত্রিপুরা যুবককে আটক করা হয়।

স্থানীয় পাড়া প্রধান (কারবারি) অভিরাম ত্রিপুরা জানান, আটক ব্যক্তিরা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সেখানে জীবিকা নির্বাহের তাগিদে পাহাড়ি জুম চাষের জন্য জায়গার খোঁজ করছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনুয়ারুল আযীম জানান, আটক যুবকরা সন্ত্রাসী দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তারা হয়তো সীমান্তপথে মিয়ানমারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছুই জানায়নি। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।