স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: বাহাদুরের ফের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

  ফেনী

দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরী হত্যা মামলায় গ্রেফতার বাহাদুরের ফের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ছমি উদ্দিন আদালতে রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্তকারী সূত্র জানায়, প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে বাহাদুরকে রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গ্রেফতারকৃত জাহিদ হাসান হিরোকে জেল-হাজতে পাঠানো হয়েছে। আদালতে হিরোর দেওয়া জবানবন্দিতে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সব বর্ণনা করা হয়েছে। এসময় ঘটনার সঙ্গে জড়িতদের নামও প্রকাশ করে হিরো। তবে মামলার তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ব্রিজের পাশে ফখরুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তার ভাই নাজিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে পৌর কাউন্সিলরসহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের নামে মামলা দায়ের করেন।

 আরও পড়তে পারেন: ধর্ষণ মামলার আসামি সেই যুবলীগ নেতা বহিষ্কার, গ্রেফতার করতে পারেনি পুলিশ