টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় প্রবেশ করেছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তিন পাচারকারী সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ বিজিবি’র সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।