পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি হুজুরের (শাহ আহমদ শফী) কাছ থেকে দোয়া নিতে এসেছি। এটি দলীয় কোনও কর্মসূচি নয়। আমি দীর্ঘদিন ধরে হুজুরের কাছে আসার পরিকল্পনা করছিলাম কিন্তু দাফতরিক কাজের কারণে এতদিন আসতে পারিনি। তাই সুযোগ পেয়ে আজ দেখা করতে এসেছি।’
৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আদালতের বিষয়, প্রচলিত আইনে এই মামলার বিচার হচ্ছে। আদালত যে রায় দেবেন আমাদের সবার উচিত সেটা মেনে নেওয়া।’
হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় হেফাজত আমির কওমি মাদ্রাসার মূল্যায়নে দাওরা হাদিসের সনদের মান ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি আগামী সংসদ অধিবেশনে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করে আইন হিসেবে পাশ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক জিল্লুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাটহাজারী মাদ্রসার সিনিয়র শিক্ষক মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মীর ইদরীসহ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফটিকছড়ি নানুপুর মাদ্রাসার মহাসম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে জুমার নামায আদায় করে বিকালে তিনি হাটহাজারী মাদ্রাসার পরিদর্শনে আসেন।