বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ। তারই ধারাবাহিতকায় সোমবার রাতে জেলার ১৬টি উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপি’র ৪৮ জন এবং জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে আদর্শ সদর উপজেলায় ২০ (বিশ) জন, দাউদকান্দি উপজেলায় নয় জন, সদর দক্ষিণ উপজেলায় তিন জন, দেবিদ্ধার উপজেলায় ছয় জন, চৌদ্দগ্রাম উপজেলায় পাঁচ জন, চান্দিনা উপজেলায় তিন জন, বুড়িচং উপজেলায় দুই জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই জন, বরুড়া উপজেলায় তিন জন, লাকসাম উপজেলায় দুই জন, মনোহরগঞ্জ উপজেলায় দুই জন, হোমনা উপজেলায় তিন জন, তিতাস উপজেলায় এক জন এবং মেঘনা উপজেলা থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
৬৩ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা স্বীকার করে এসবি’র ডিআইও ওয়ান মো. মাহাবুব মোর্শেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’
রায়ের পর বিএনপি যাতে কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে জন্য আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে পুলিশের অব্যাহত অভিযানে আতঙ্কে রয়েছেন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। গত কয়েক দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত