গত অর্থ বছরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির লাভ হয়েছে ৪শ’ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ৬২ তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেলে পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী। সভায় কোম্পানির বার্ষিক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয়।

সভা শেষে কোম্পানির সচিব এক প্রতিবেদনের মাধ্যমে জানান, ২০১৬-১৭ অর্থ বছরে কোম্পানির মোট রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৭শ’ ২৯ কোটি টাকা। এর মধ্যে কর আদায়ের পর মোট লাভ হয়েছে ৩শ’ ৯২ কোটি ৭৮ লাখ টাকা। সব মিলিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে ৩ হাজার ২ শ’ ২৫ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে চলতি অর্থ বছরে এডিবি জিওবি ও জাইকার অর্থায়নে নতুন কূপ খননসহ বিদ্যমান কূপ ওয়ার্কওভার বা পুনঃখনন করা হয়। যার মাধ্যমে জাতীয় গ্রিডে মোট ৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। আগামী দিন উন্নত বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্যে কোম্পানির প্রতিটি সদস্যকে আরও কঠোর পরিশ্রম করার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানানো হয়।  

সভায় পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা কামাল, পরিচালক (অর্থ) মো. তৌহিদ হাসানাত খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশে প্রতিদিন ২ হাজার ৭শ’ ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। এরমধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ৮শ’ ৫০মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে। 

আরও পড়ুন: বিএনপি’র প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হাতাহাতি