গত ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে ওই ব্যবাসায়ী নিখোঁজ হন বলে দাবি পরিবারের।
নিতাই দেবনাথ জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ বলেন, ‘প্রতিদিনের মতো গত ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসামের বাসা থেকে নিজের দোকানের উদ্দেশে রওনা দেয় নিতাই। ওইদিন সন্ধ্যায় ফোন দিয়ে দেখি তার মোবাইল বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে দোকানেও যায়নি। এরপর থেকেই সে নিখোঁজ। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রবিবার রাতে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
তিনি আরও জানান, ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তার ভাইয়ের বিরোধ ছিল।
লাকসাম থানার পুলিশ পরিদর্শক মো.আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।’