ওবায়দুল কাদেরের মায়ের দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত

সেতুমন্ত্রীর মায়ের দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিতআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) দিনব্যাপী নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় সরকারি মুজিব কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, এএইচএম ইব্রাহিম, মোরশেদ আলম, আয়েশা ফেরদাউস, নিজাম উদ্দিন হাজারী, আলহাজ্ব মোরশেদ আলম, খালেদ মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, জেলা-উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

মন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, সকাল ১১টা থেকে অনুষ্ঠিত কুলখানিতে প্রায় ৩০ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সনাতন ও অন্যান্য ধর্মালম্বীদের জন্য বসুরহাট পৌরহল ও জগন্নাথ মন্দির, নারীদের জন্য তাদের নিজ বাড়িতে আরও প্রায় তিন হাজার লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) মৃত্যুবরণ করেন।