কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

বাংলাদেশ ছাত্রলীগদলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে এ বহিষ্কারাদেশ দেয় কেন্দ্র। কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এই আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদকে বহিষ্কার করা হয়েছে।

কি ধরনের শৃংখলা ভঙ্গের কারণে তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে—জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ তো যে কোনও কারণে হতে পারে। তবে নির্দিষ্ট কারণ না বলে এড়িয়ে যান কেন্দ্রীয় এ নেতা।’

একই প্রসঙ্গে জানতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, কুবি ছাত্রলীগের কমিটির ১৬১ জন সদস্যের মধ্যে পূর্বে চার জনসহ মোট সাত জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।