সুদীপ্ত হত্যা মামলায় গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে

নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় গ্রেফতার রুবেল দে'কে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (০৪ মার্চ) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার (০১ মার্চ) ভোরে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।  সে ২০১৪ সালের ১৪ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলারও চার্জশিটভুক্ত আসামি।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, ‘ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়া এলাকায় বাসার সামনে সুদীপ্ত বিশ্বাস খুন হন। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। এ ঘটনায় সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে তার বাবা বাবুল বিশ্বাস সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। গত ১৩ অক্টোবর ওই মামলায় পুলিশ মোক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর পুলিশ আমির হোসেন ওরফে বাবু ও খাইরুল ইসলাম ওরফে খায়েরকে গ্রেফতার করে। তাদের মধ্যে মোক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সে খুনের বিষয়টি স্বীকার করেছে। তার জবানবন্দিতে পরিকল্পনাকারী হিসেবে রুবেল দে’র নাম ওঠে আসে। এ ঘটনায় পুলিশ গত ২২ অক্টোবর ফয়সাল আহমেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে। সর্বশেষ গত ০১ মার্চ রুবেল দে'কে গ্রেফতার করে পুলিশ।  রুবেল দে নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন: চার পুলিশ হত্যা: সাবেক এমপিসহ ২৩২ জনের বিরুদ্ধে চার্জ গঠন