হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী পরিচালিত হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা পাঁচ শতাধিক স্মার্টফোন পুড়িয়ে ফেলেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। রবিবার (৪ মার্চ) রাতে মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে জব্দ মোবাইল সেটগুলোতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
জ্বালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রদের মোবাইল ফোনরিজওয়ান আরমান নামে এক শিক্ষার্থী রবিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুকে স্মার্টফোনগুলো পুড়িয়ে ফেলার ছবি আপলোড করেন। ফেসবুকে তিনি লেখেন, ‘দুই বস্তা অ্যান্ড্রয়েড মোবাইলের সৎকার সম্পন্ন। হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের কাছ থেকে জব্দকৃত মোবাইল (প্রায় দুই বস্তা) বাদে মাগরিব পেট্রোল ঢেলে আগুনের মাধ্যমে সৎকার করা হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী স্মার্টফোন পুড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তারা জানান, রবিবার আবাসিক হলে তল্লাশি চালিয়ে মোবাইল সেটগুলো জব্দ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওগুলো পুড়িয়ে ফেলা হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে জ্বালানো হচ্ছে মোবাইল ফোনএ বিষয়ে মাদ্রাসার আবাসিক তত্ত্বাবধায়ক মুফতি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে যেসব মোবাইলে গান-বাজনা দেখা যায় ওইসব মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এসব মোবাইল ফোন ব্যবহার করছিল তাদের কাছ থেকে জব্দ করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।’ প্রতিবছরই প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি।