প্রতিপক্ষের ইটের আঘাতে হাটহাজারীতে যুবক নিহত

হাটহাজারীপূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ইটের আঘাতে সোহেল রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ মার্চ) বিকালে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহত সোহেল রানা হাটহাজারী পৌরসভার ৭ নম্বর চন্দনপুরা ওয়ার্ডের বাসিন্দা। বিকালে গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ইটের আঘাতে সে গুরুতর আহত হয়েছিল।
হাটহাজারী থানার পরিদর্শক (অপারেশন) শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্ধুর বাসা থেকে দাওয়াত খেয়ে বের হয়ে মোটরসাইকেলে ওঠার সময় প্রতিপক্ষের কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।’
কেন তার ওপর হামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের যুবকদের সঙ্গে সোহেল রানার ঝামেলা হয়। সম্ভবত ওই শত্রুতার জেরে আজ তারা সোহেলের ওপর হামলা করে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি বলেও তিনি জানান।