সোমবার (৫ মার্চ) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ।
সমাবেশ থেকে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
তারা বলেন, অতীতে বিএনপি-জামায়াতের সরকারের সময়ে সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। পঁচাত্তর পরবর্তী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলবাদকে উদ্বুদ্ধ করা হয়েছে। আর বর্তমান সরকার মুক্ত চিন্তার মানুষদের রক্ষায় ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে রক্ষা করতে হলে রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে দেশকে প্রগতির পথে এগিয়ে নিতে হবে।
আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তাসহ অনেকে।
পরে জাফর ইকবালের ওপর হামলার বিচার দাবিতে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা, লালদীঘি হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে একই দাবিতে সোমবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বর ও চেরাগী পাহাড় এলাকায় বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।