এর আগে গত বৃহস্পতিবার (১ মার্চ) বিকালে ওই সাত কর্মচারীকে আটক করে পাহাড়তলী থানা পুলিশ। গত কয়েকমাস ধরে ইউনিট বিক্রি থেকে আসা টাকার একটি বড় অংশ অভিনব কায়দায় তারা নিজেরা আত্মসাৎ করতেন এমন অভিযোগে পুলিশ তাদের আটক করে।
জনসংযোগ কর্মকর্তা সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রি-পেইড মিটারের জন্য ইউনিট বিক্রিতে প্রতারণার অভিযোগে আটক হওয়া সাত কর্মচারীর বিষয় তদন্তের জন্য রবিবার (৪ মার্চ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উত্তর) মো. মকবুল হোসেনকে স্যারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
কমিটির অপর সদস্যরা হলেন, বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ পাহাড়তলীর নির্বাহী প্রকৌশলী এ এফ নূর উদ্দিন আহমেদ, পিডিবির কম্পিউটার কেন্দ্রের সদস্য শেখ কাউছার মাছুম, প্রি-পেইড মিটারিং ডেডিকেটেড গ্রুপের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নুরুল আবছার এবং পিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান বিভাগের সহকারী পরিচালক (অনুসন্ধান) মো. মুশফিকুর রহমান তালুকদার।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সচিব মোর্শেদ মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির বিষয়টি কাল আমাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। আমাদের (তদন্ত কমিটি) সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। আশা রাখছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো।’