বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার, মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক মিয়া ও মো. সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও আবুল কাসেম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন জানান, পুলিশের দায়িত্বরত দলটি মঙ্গলবার দিনগত রাতে কসবা উপজেলা সদরের টি আলী মোড়ে দুটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদকের চালান (গাঁজা) আটক করে। পরে এই পুলিশ সদস্যরা যোগসাজশ করে আটক মাদকের চালানের বড় একটি অংশ অন্য জায়গায় লুকিয়ে রেখে জব্দ তালিকায় মাদকের পরিমাণ অনেক কম দেখান। পরে গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে আজ বুধবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেইনকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তিনি জানান, তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।