অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি চাইথুই মারমাকে উদ্ধার ও ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী।

অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলনঅপহৃত চাইথুই মারমার স্ত্রী হলারুই মারমার উদ্ধৃতি দিয়ে ইউছুফ চৌধুরী বলেন, ‘গত ৪ মার্চ গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া এলাকার নিজ বাড়ি থেকে ইউপিডিএফ সন্ত্রাসীদের অস্ত্রের মুখে অপহৃত হন পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। প্রথমে পারিবারিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। পরে তার রাজনৈতিক সহকর্মীদের বিষয়টি জানানো হলে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ।’

সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চাইথুই মারমাকে উদ্ধারের জন্য আল্টিমেটাম দেওয়া হয়। আগামী দুই দিনের মধ্যে চাইথুই মারমাকে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে আগামী ১২ মার্চ জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আবদুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা ও ছাত্রদলের সম্পাদক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।