কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর বীচ সংলগ্ন কেয়াবন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার (ল্যাফটেনান্ট) ফয়সাল বিন রশীদ।
ল্যাফটেনান্ট ফয়সাল বিন রশীদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযানে নামেন। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ওই এলাকার সম্ভাব্য কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ কোস্টগার্ড স্টেশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: স্কুলের পরিত্যক্ত ভবন ধসে দুই ছাত্র আহত