চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধচট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত কালুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে বলে তিনি জানান। 
আশেকুর রহমান বলেন, ‘র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় টহলে গেলে সেখানে আগে থেকে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি নিহত ব্যক্তির নাম কালু। তার নামে অন্তত ১২ মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’