চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামচট্টগ্রামের পটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে পটিয়া পৌরসভা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জসিম উদ্দিন পটিয়ার গোবিন্দখিল এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে।  

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বটবটি চালিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় দোহাজারী  থেকে আসা একটি নগরগামী ট্রেনের নিচে সেটি চাপা পড়ে । এতে ঘটনাস্থলেই বটবটির মালিক জসিম উদ্দিন মারা যান। এই ঘটনায় বটবটির শাহেদ হোসেন নামে একজন আহত হয়েছেন।  গুরুতর আহত অবস্থায় শাহেদকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহত শাহেদের দুই পা কাটা পড়লেও তার অবস্থা শঙ্কামুক্ত।’