শেখ হাসিনাকে আবার নির্বাচিত না করলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মনবাড়িয়ায় আইনমন্ত্রীআইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা মুক্তি সংগ্রামী। তাদের বিতাড়িত করে এদেশকে রাজাকারের দেশে পরিণত করার চেষ্টা করেছিল এই বিএনপি-জামায়াত। আর সেটা বাধা দিয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার জন্যে বিএনপি-জামায়ায়ের রাজনীতি বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। রুখে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনাকে আবার নির্বাচিত না করেন, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।’

আজ মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের কদমতলায় মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আপনারা জানেন,জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার মুখোশ লাগিয়ে এক রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল। তার নাম শাহ আজিজুর রহমান। এর পরে পাবনার কুখ্যাত রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়েছেন।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তবে বঙ্গবন্ধুর কন্যা আপনাদের মর্যাদার আসনে বসিয়েছেন। এখন বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। তারা যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। মাত্র ১০ বছরের ব্যবধানে সেটা অর্জন সম্ভব হয়েছে।’

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জে হাক্কানী, রাশেদুল কায়ছার জীবন, রহুল আমী ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।