শনিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এসএসএফ-এর বিপুল সংখ্যক গাড়ি শহরে মহড়া দিতে দেখা গেছে। সেই সঙ্গে চাঁদপুর স্টেডিয়ামসহ শহরজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে শহরসহ জেলা জুড়ে অব্যাহতভাবে চলছে মাইকিং।
প্রধানমন্ত্রীর জনসভাস্থলে থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরাও প্রস্তত রয়েছি।’
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমণের খবরে জেলার ৮ উপজেলার জনতার মধ্যেই এখন উৎসবমুখর পরিবেশ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ‘চাঁদপুর স্টেডিয়ামে শেখ হাসিনার সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। প্রাকৃতিক যে দুর্যোগ ছিল সেটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আগামীকাল দলে দলে জনতার স্রোত বইবে চাঁদপুর স্টেডিয়ামে জননেত্রীর জনসভায়। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে।’
জেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী বেপারী জানান, ‘প্রাকৃতিক দুর্যোগে নিয়ে কিছু বলার নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সদর আসনের এমপি ডা. দীপু মনির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই তিনি সব ইউনিটের নেতাদের সঙ্গে একাধিকবার প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীর জনসভায় সদর আসনের এমপি ৫০-৬০ হাজার লোকের সমাগম ঘটাবেন।’
শনিবার মাঠ পরিদর্শন করেন ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর অব. রফিকুল ইসলাম এমপি, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস ইউং এর কর্মকর্তা শাইখুজ্জামান শেখর ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও নির্মাণাধীন মঞ্চ। সেই সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের সাঁটানো হাজারো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছিড়ে লণ্ডভণ্ড যায়। উপড়ে যায় শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, বাসস্ট্যান্ড, কালীবাড়ি, চিত্রলেখা, পুরাণ বাজারসহ বিভিন্ন সড়কে নির্মিত তোরণ। এদিকে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর পাড়ে চরভাঙ্গা এলাকায় স্কাউটসের কমডেকা সমাবেশস্থলও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
কমডেকা সমাবেশ ও চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরে ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২৪টি ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৩টি উদ্বোধন।
হাইমচরে অবস্থান করা চাঁদপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, ঝড়ের কারণে হাইমচরের পথে পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের বেনার-ফেস্টুনগুলো পড়ে আছে। কমডেকা সমাবেশস্থলের পেন্ডেলের কাপড়গুলোর কিছু ছিঁড়ে গেছে। চরভাঙ্গা এলাকাসহ বিভিন্ন স্থানে তোরণগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, হাইমচরে ঝড়ে কমডেকা সমাবেশস্থল এবং চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থলে যে ক্ষতি হয়েছে তা খুব বেশি নয়। এটি রিকভারি করা যাবে। তিনি জানান, কমডেকার তাবুতে অবস্থানরত কিছু বাচ্চাকে সরিয়ে নিরাপদে রাখা হয়েছে।
আরও পড়ুন- ঝড়ের কবলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল, উপড়ে গেছে তোরণ