ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

ফেনীফেনীর ফুলগাজীতে বিচার চাইতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভোরে পুলিশ ওই ইউপি চেয়ারম্যানকে তার বাসা থেকে আটক করে। ফুলগাজী থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদে পারিবারিক নির্যাতনের অভিযোগ জানিয়ে বিচার চাইতে আসেন উপজেলার বিজয়পুর গ্রামের এক গৃহবধূ। এরপর তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে বুধবার রাতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

তবে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমের হাতে স্থানীয় এক নারীকে নির্যাতনের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরেই উপজেলা চেয়ারম্যান এ ধরনের মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছেন।’

অন্যদিকে, ইউপি চেয়ারম্যান আটকের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফুলগাজী সদরে সড়ক অবরোধ করেন চেয়ারম্যান নুরুল ইসলামের সমর্থকরা। পরে পুলিশের তৎপরতার কারণে সড়ক অবরোধ তুলে নেয় তারা। অবরোধের কারণে উপজেলা সদরের সঙ্গে বেলা ১১টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।