কুমিল্লায় যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

কুমিল্লাশুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খান মো. নাজমুস শোয়েব ১৪৪ ধারা জারি করেন। পৌর যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা যুব লীগের খন্দকার নজরুল গ্রুপ এবং এসএম আলাল গ্রুপ উপজেলা শিল্পকলা একাডেমিতে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করলে প্রশাসন এই পদক্ষেপ নেয়।

পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দুই দিন আগে থেকেই যুবলীগের উভয় গ্রুপ তাদের নিজ নিজ পক্ষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীদের প্রচার-প্রচারণা ছিল। এতে উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।

এ ব্যাপারে ইউএনও খান মো. নাজমুস শোয়েব বলেন, ‘হোমনায় একই স্থানে আওয়ামী যুব লীগের ডাকা দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’