রামুতে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক



আটক সাদ্দাম হোসেন
কক্সবাজার জেলার রামুতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। তার নাম সাদ্দাম হোসেন (২০)। বৃহস্পতিবার (১২ এপ্রিল)  দিবাগত রাতে রামুর কচ্ছপিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এই তথ্য জানান।

র‌্যাব জানায়, কচ্ছপিয়া গ্রামের তিতারপাড়া এলাকার বাদশা মিয়ার বসতঘর থেকে সাদ্দাম মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করছিল। এসময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও দুইটি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

সে কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র।

র‌্যাব জানায়, তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে— ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন গ্রুপের সঙ্গে সে যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।