একাধিক মামলার আসামি জামায়াত ক্যাডার মহিউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে সাতাকানিয়া উপজেলার ছদাহার সৈয়দাবাদ এলাকা থেকে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার মহিউদ্দিনের নামে বিশেষ ট্রাইব্যুনালসহ চারটি মামলা দায়ের রয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার মহিউদ্দিন একই এলাকার চিববাড়ির মৃত আবুল বশরের ছেলে।
রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার মহিউদ্দিন সাতাকানিয়ার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার নামে বিশেষ ট্রাইব্যুনালসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’