পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার রাত আড়াইটার দিকে মধ্যম চরচান্দিয়া গ্রামের রুহুল আমিনের নতুন বাড়িতে ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল বসত ঘরের কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে আলমিরা ভেঙে লুটপাট শুরু করে। এসময় বাধা দিলে গৃহকর্তা ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন দুলাল (৪৮), তার ভাই ব্যবসায়ী মো. বেলাল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (২৮) ও তার অপর ভাই মো. কামাল উদ্দিনকে (৩৬) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় ডাকাতদল ৯ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে একই কায়দায় পাশের গ্রাম চরচান্দিয়ার ফকির বাড়ির সেলিম উল্যাহ সেলিম নামে আরেক ব্যবসায়ীর ঘরে ঢুকে ঘরের সবাইকে রশি এবং ওড়না দিয়ে বেঁধে ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও নগদ ২ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।
সোনাগাজী উপজেলা জেডএম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, এএসপি সার্কেল জুনায়েত কাউছার এবং ওসি তদন্ত হারুনুর রশিদ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।