পুলিশের ওপর হামলা, হত্যা মামলার দুই আসামি ছিনতাই

কুমিল্লাকুমিল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুই উপপরিদর্শক (এসআই) ও তিন সহকারী উপপরিদর্শক (এএসআইসহ) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, আসামিদের আটক করার আগেই তাদের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়।
রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরষপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের আটক করতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম ও ইউনুসকে গ্রেফতার করতে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সরষপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম ও ইউনুসকে আটকের সময় তাদের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে দু’জনকে ছিনিয়ে নেয়।
দুই আসামি আটকের বিষয়টি অস্বীকার করেছেন মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, ‘আসামিদের আটক করা সম্ভব হয়নি। আটকের আগেই তাদের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এতে থানার এসআই হাবিব ও এএসআই মাসুদ সরকারসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা কিছুটা আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ছিনিয়ে নেওয়া আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
আরও পড়ুন-
‘খালেক জিতলে শেখ হাসিনা জিতবেন’
এবার বাসের ধাক্কায় হাত হারালো ৮ বছরের শিশু
বড় হয়ে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় সেঁজুতি