পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ও বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা আতিকুর রহমান এ কথা জানান। রাঙামাটিতে হামলায় নিহত মাইক্রোবাস চালক সজিব হোসেনের খুনিদের গেফতার ও বিচারসহ তিন দফা দাবিতে তিন পার্বত্য জেলায় সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটি থেকেই হরতাল স্থগিত করা হয়েছে। হরতাল স্থাগিত করা হলেও সোমবার (৭ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ কেন্দ্র ঘোষিত অন্যান্য কর্মসূচি পালন করা হবে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেফতার ও বিচার, জনসংহতি সমিতি এবং ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছিল পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।